কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৩
টাফ রিপোর্টার: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সর্দার মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও নারীসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চালিত ১টি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ১টি কার্ভাডভ্যান চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আবু নাছের (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি ২ জনের পরিচয় জানা যায়নি।
অটোরিকশা চালকসহ আহত ২ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
স্থানীয় দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন জানান, সকালে ময়নামতি সর্দার মার্কেটের সামনে কুমিল্লা ক্যান্টমেন্ট থেকে দেবিদ্বারগামী যাত্রীবাহী ১টি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা মালবাহী ১টি কাভার্ডভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর ৩ যাত্রী মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ২ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ অটোরিকশাটি উদ্ধার করেছে। এ ব্যাপারে বুড়িচং থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান এসআই।













No comments