কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তাঁর সৃষ্টকর্ম দিয়ে আজীবন বাঙালীদের মধ্যে বেঁচে থাকবেন: লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দূতাবাসে ১১ আগস্ট বিখ্যাত লেখক হুমায়ুনের আহমেদের প্রয়ানে এক স্মরণসভা দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জনপ্রিয় কথা সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক, ছবিনির্মাতা ও পরিচালক গত ১৯ জুলাই নিউইয়র্কস্থ বেলভ্যূ হাসপাতালে ৬৪ বৎসর বয়সে মৃত্যুবরণ করেন।
জনপ্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আকরামুল কাদের, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের জনাব আনিস আহমেদ, সাংবাদিক হারুণ চৌধুরী ও শিব্বির আহমেদ, ডঃ নকিব উদ্দিন, জনাব মাহ্মুদুন নবী বাকী এবং জনাব মহিবুল ইসলাম প্রিয় ।
রাষ্ট্রদূত আকরামুল কাদের সুখ্যাত লেখকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার বক্তব্যে বলেন যে, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার সুলেখনী বইয়ের মাধ্যমে দেশের যুবকদের উৎসাহিত করেছে এবং নতুন প্রজন্ম তাদের শিক্ষা কার্যক্রমেও হুমায়ুন আহমেদের বই সম্পৃক্ত করে তার বইগুলো গভীর আগ্রহ নিয়ে পড়েছে। বাংলাদেশের প্রথিতযশা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদ লক্ষ লক্ষ বাঙালীর হৃদয়ে চিরদিন অমর হয়ে থাকবেন তার সৃজনশীল সৃষ্টি যেমন:- সাহিত্য, গল্প, উপন্যাস ও ছবি নির্মান পরিচালনায়। রাষ্ট্রদূত আকরামুল কাদের আরও বলেন আকর্ষণীয় গল্প লেখা, বাংলা সাহিত্য, ছবি, উপন্যাস ও নাটকের মাধ্যমে হুমায়ুন আহমেদ বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে উজ্জল করেছেন।
সাহিত্যের আকাশে নক্ষত্র হিসেবে আখ্যায়িত করে বলেন তার কর্মের মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের হুমায়ুন আহমেদের ইচ্ছানুযায়ী বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য প্রবাসী বাংলাদেশীদের এগিয়ে আসার আহ্বান জানান।
আনিস আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশে সুখ্যাত কথাসাহিত্যিক তার সাহিত্য কার্যক্রমের কারণে পাঠকদের কাছে চিরদিন অমর হযে থাকবেন। তার মৃত্যুতে বাংলাদেশের সাহিত্যজগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জনাব আনিস আহমেদ মন্তব্য কবেন। আনিস আহমেদ আরও বলেন, মুক্তিযুদ্ধে বাংগালীদের বীরত্বপূর্ণ যুদ্ধ ও মুক্তিকামী বাংলাদেশের মানুষের প্রতি পাকহানাদার বাহিনীর নির্যাতন, ধর্ষণ এবং হত্যা তার লেখা উপন্যাসে চিরঞ্জীব হয়ে থাকবে। সাংবাদিক হারুণ চৌধুরী বলেন, কথাসাহিত্য, উপন্যাস এবং ছবি নির্মানের মাধ্যমে চিরদিন লেখক হুমাযুন আহমেদ বাংলাদেশের মানুষ ও সাহিত্যপ্রেমের কাছে অমর হয়ে থাকবে। তারা বলেন, হুমায়ুনের আহমেদের সৃষ্টি দেশের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার উৎসাহ যোগাবে।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্মরণ সভায় লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে বহুমাত্রিক প্রতিভার অধিকারী উল্লেখ করে বলেন, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তাঁর সৃষ্টকর্ম দিয়ে আজীবন মানুষের বাঙালীদের মধ্যে বেঁচে থাকবেন। বিশেষ করে হুমায়ুন আহমেদের বিভিন্ন গল্প উপন্যাসের সৃষ্ট বাকের ভাই, হিমু, মিসির আলী ইত্যাদি বিভিন্ন চরিত্রের কারনে বাঙালীরা আজীবন হুমায়ুন আহমেদকে স্মরণ করবে। পরিশেষে ডঃ হুমায়ুন আহমেদের জীবনের শেষ ক’টি দিনের উপর দুর্লভ তথ্যচিত্র প্রদর্শিত হয়। সভাশেষে অতিথিদের ইফতার পরিবেশন করা হয় ।













No comments